নিজের সীমিত সামর্থ্য নিয়েও প্রতি সপ্তাহে শত শত অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য একবেলা খাবারের আয়োজন করেন মোংলার চায়ের দোকানি ও জিয়ার শেখ। তাঁর এই মানবিক উদ্যোগে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মাটিতে বসে দুপুরের খাবার খেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (৯ অক্টোবর) মোংলা নদীর তীরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বৈষম্য দূর করতে বিত্তবানসহ সবাইকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মাত্র ১০ জনকে নিয়ে এ উদ্যোগ শুরু করেন ও জিয়ার শেখ। বর্তমানে প্রতি সপ্তাহে ৩০০ জনেরও বেশি মানুষ এখানে খাবার গ্রহণ করেন। স্থানীয় যুবক ও বাসিন্দাদের সহযোগিতায় নিয়মিত চলছে এ আয়োজন।

