গাইবান্ধার পলাশবাড়ীতে ছেলে সেজে এক তরুণীর আরেক তরুণীকে বিয়ে করার ঘটনায় সালিশে মারধর, কান ধরে ওঠবস করানো ও তওবা পড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল গ্রামের চাঁদনী আক্তার ‘রাসেল’ পরিচয়ে গত ১৫ এপ্রিল হিজলগাড়ী গ্রামের লাবনী আক্তারকে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সালিশে লাবনীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় চাঁদনীকে বাঁশের কঞ্চি দিয়ে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি। পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

