লাইফস্টাইল ডেস্ক : সময়টা এখন আম কাঁঠালের মধুর স্বাদে মজে থাকার। জাতীয় ফল কাঁঠাল শুধু ফল হিসেবে নয় খাওয়া যায় সবজি হিসেবেও। এক অসাধারণ স্বাদের তরকারির নাম হল- কাচকি মাছে কাঁঠলের বিচি চচ্চড়ি। নিয়মিত তরকারির ভিড়ে স্বাদের ভিন্নতা আনতে এই চচ্চড়ি আপনিও রান্না করতে পারেন। নতুন স্বাদের ভুবনে চমকে দিতে পারেন পরিবারে সবাইকে। তাই আসুন শিখে নেয়া যাক কাঁঠাল বিচি চচ্চড়ির রেসিপি।
যা যা লাগবে
কাচকি মাছ ২৫০ গ্রাম, কাঁঠালের বিচি কুচি এক কাপ, পিঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ পরিমাণমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ ও তেল পরিমাণমতো, জিরা গুঁড়া ১ চা চামচ।
যেভাবে করবেন
প্রথমে মাছ ভালো করে ধুয়ে রেখে দিন। মাছ আর ধনে পাতা বাদে অন্যান্য সব উপকরণ একসঙ্গে মেখে নিন। এবার আধা কাপ পানি দিয়ে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন। কাঁঠালে বিচি সেদ্ধ হয়ে আসলে মাছ দিয়ে ঢেকে দিতে হবে। তরকারির ঝোল শুকিয়ে আসার সময় ধনেপাতা দিতে হবে। এবার ঝোল শুকিয়ে তেল উঠে আসলে তরকারি নামাতে হবে। এবার গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু দিয়ে পরিবেশন করুন কাঁঠাল বিচির চচ্চড়ি।

