নাটোর প্রতিনিধি : নেশার টাকা না দেওয়ায় নাটোরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। নিহতের নাম হাওয়া বেগম (৪৫)। এ সময় হাওয়া বেগমকে উদ্ধার করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তার বাবা শুকুর আলী। গুরুতর আহত অবস্থায় শুকুর আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার তেলকুপিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মাদকাসক্ত ছেলে শিমুল হোসেনকে (২৩) আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। হাওয়া বেগম তেলকুপিঘাট এলাকার মোন্তাজ আলীর স্ত্রী।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গতরাতে নেশার জন্য মা হাওয়া বেগমের কাছে টাকা চায় মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন ছেলে শিমুল হোসেন। সে সময় হাওয়া আজ সকালে টাকা দিবে বলে ছেলেকে শান্ত করে।
আজ সকালে হাওয়া রান্না ঘরে রান্না করছিল। এ সময় শিমুল রান্না ঘরে ঢুকে দা দিয়ে তার মাকে গলা কেটে হত্যা করে। ঘটনার সময় বাড়িতে থাকা শিমুলের নানা শুকুর আলী মেয়েকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করে শিমুল। পরে স্থানীয়রা ছুটে এসে শিমুলকে আটক করে। আর গুরুতর জখম অবস্থায় শুকুর আলীকে সদর হাসপাতালে ভর্তি করে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, কিছু দিন আগে মাদকাসক্ত শিমুলকে মাদক মামলায় জেল হাজতে পাঠায় পুলিশ। ছয় মাস জেল হাজতে থাকার পর জামিনে বেরিয়ে আসে সে। মাদক সেবন করতে করতে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। নেশার টাকা না পাওয়ার জন্যই তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

