ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক **শাহানাজ পাপরি বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিশুদের জ্ঞান, সৃজনশীলতা ও দেশপ্রেমের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এ সময় শিক্ষানুরাগী এস কে শফিকুল ইসলাম বলেন, “আমাদের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। গ্রামীণ পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এতে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং তারা দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।” অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

