পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোল এলাকায় রিয়াজ নামে এক পর্যটক গোসল করতে নেবে নিখোঁজ হয়েছেন। কোষ্টগার্ডের একটি উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটক উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। ৬ নভেম্বর শুক্রবার বিকাল তিনটার দিকে সাগরের তীরবর্তী আলোর কোল এলাকায় গোসল করতে যেয়ে এ ঘটনা ঘটে। তবে, নিখোঁজ পর্যটকের ঠিকানা সহ বিস্তারিত তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।
কোস্টগার্ড ও জেলে সূত্রে যায়, পশ্চিম সুন্দরবনের শ্যামনগরের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন থেকে সকালে পাস নিয়ে হিরন পয়েন্ট ও নিলকমল হয়ে ইকো ট্যুরিজম নামে একটি পর্যটকবাহী লঞ্চে ২০ থেকে ২২ জন জনের একটি টিম শুক্রবার দুপুরে দুবলারচরের আলোরকোলে আসেন। তাদের মধ্যে তিন জন ট্যুরিস্ট সাগরের পানিতে নেমে গোসল করতে যায়। এসময় পানির তোড়ে রিয়াজ নামের এক পর্যটক ভেসে যায়। সঙ্গীরা অনেক চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেনি। নিখোঁজ হবার পর থেকে কোস্টগার্ড অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। সন্ধ্যার পরেও অন্ধকার নেমে এলেও কোস্টগার্ড নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেস্টা চালিয়ে যাচ্ছে। দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী রাত ৮টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিন জন পর্যটক বিকালের দিকে সাগর তীরের পানিতে নামলে প্রচন্ড পানির চাপে রিয়াজ ভেসে গেলেও অন্য দু’জন তীরে উঠতে সক্ষম হন। ওই দু’জন রিয়াজকে উদ্ধারের জন্য আপ্রান চেস্টা করলেও তারা ব্যর্থ হন। বনবিভাগের পশ্চিম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান জানান, বুড়িগোয়ালিনী স্টেশন শুক্রবার দুটি পর্যটকবাহী লঞ্চ পাস নিয়ে দুবলারচরে দিকে যায়। পরবর্তীতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কোস্টগার্ড ও বনবিভাগ নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেস্টা করছেন। কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মোঃ আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য কোষ্টগার্ডের গার্ডের একটি টিম অভিযান অব্যাহত রেখেছেন।

