১৯৭৫ সালে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আবার পুনরুদ্ধার হয়েছিল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান খোকন তালুকদার। শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের শকুনী লেকপাড়ের মুক্তমঞ্চে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খোকন তালুকদার আরো বলেন, এ দেশের মানুষের হৃদয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং খাদ্য স্নয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার পথ সুগম করেছিলেন। এ সময় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা জাসাস এর সভাপতি ইসরারুল হক নিলু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল গিয়ে শেষ হয়।

