ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো স্মরণিকায় লিখলেই জিয়া প্রথম রাষ্ট্রপতি হয়ে যাবেন না। তবে যারা ঢাবির স্মরণিকায় এমন তথ্য দিয়েছেন তারা অন্যায় করেছেন।
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঢাবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে `প্রথম রাষ্ট্রপতি` উল্লেখ করার প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, তাকে যারা প্রথম রাষ্ট্রপতি লিখেছেন তাদের জ্ঞানের ব্যাপারে আমার সন্দেহ আছে। ইতিহাস জানে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নয়।
কসবা সদরেরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনু্ষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র এমরান উদ্দিনের জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কসবা উপজেলার চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার জীবন, এম জি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

