লালমনিরহাটে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মুকুল হোসেন মাহিদ নামে এক যুবক। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের পাশে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় উপজেলা এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। আহত- মুকুল হোসেন মাহিদ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা গ্রামের মিলান হোসেনের ছেলে। আগুনে তার দুই হাত, দুই পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুকুল দীর্ঘদিন ধরে লালমনিরহাট সদর উপজেলার কাশিপুর র্যাব বাজার এলাকার ১৭বছর বয়সী এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে ওই কিশোরী তার প্রস্তাবে সাড়া দেয়নি। কিশোরীর বাবা কাউনিয়া উপজেলা এলএসডি গোডাউনে নাইট গার্ড হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে গোডাউনের পাশের সরকারি কোয়ার্টারে বসবাস করেন। জানা গেছে, ঘটনার দিন দুপুর থেকেই মুকুল ওই বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে রাত ৮টার দিকে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

