ঢাকাTuesday , 10 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

Link Copied!

বিএনপির আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে গাংনীতে আর কোনো পকেট কমিটি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যারা অতীতে দলের নেতাকর্মীদের পেছনে টেনে ধরেছেন, তাদের সেই অবস্থান থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির একাংশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিবসটি পালন উপলক্ষে ১০ নভেম্বর বিকেলে এমপি আমজাদ হোসেনের শহরের উত্তরপাড়ার বাড়ির নিচ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে উপজেলা শহরের বড়বাজার এলাকা হয়ে হাসপাতাল বাজার এলাকা ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দীন, আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মোল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান, বিএনপির নেতা আকামত আলী, রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকরাও স্বাধীনভাবে কথা বলতে ও লিখতে পারেননি। কাগজে-কলমেও তাদের মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকরা প্রাণখুলে লিখতে ও কথা বলতে পারছেন। মানুষ এখন গণতন্ত্র ও স্বাধীনতা ভোগ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করেছিল এ দেশের মানুষ। তিনি মাত্র তিন বছর দেশ শাসনের সুযোগ পেয়েছিলেন, এরপর জীবন দিতে হয়েছে। তার সহধর্মিণী প্রয়াত বেগম খালেদা জিয়াও তিনবার দেশের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন কারাবরণ করেও তিনি দেশ ছেড়ে যাননি। দেশের মানুষের প্রতি তার ভালোবাসা ও ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমজাদ হোসেন আরও বলেন, প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের জন্য যোগ্য নেতৃত্ব হিসেবে তারেক রহমানকে সামনে নিয়ে এসেছেন। দেশের অধিকাংশ মানুষ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মেহেরপুরের দুটি সংসদীয় আসনে বিএনপির পরাজয়ের কারণ তুলে ধরে তিনি বলেন, দলের ভেতরের একটি দালাল চক্রের কারণে মেহেরপুরের দুটি আসনেই বিএনপিকে পরাজিত হতে হয়েছে। অথচ দেশের মানুষ ভোট দিয়ে বিএনপির নেতৃত্বকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন। নিজের নির্বাচনী ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দল আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছিল। কিন্তু নির্বাচনে আমি ব্যর্থ হয়েছি। প্রয়োজনীয় সুব্যবস্থা করতে পারিনি। এ ব্যর্থতার দায়ও তিনি স্বীকার করেন। তিনি বলেন, আগামী দিনে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যক্তিস্বার্থ ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। গাংনী বিএনপিতে কোনো ব্যক্তির পকেট কমিটি থাকবে না এবং তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।