নিজস্ব প্রতিবেদক : গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে পল্টন থানার একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে প্রয়োজনে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের ওই আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী রিজভীকে আদালতে হাজির করে জিজ্ঞাসবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এছাড়া আসামিপক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই আবদুল মালেক হাওলদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এছাড়া গতকাল মঙগলবার মহানগর দায়রা জজ আদালতও শেরেবাংলা নগর থানার একটি মামলায় রিজভীকে জামিন দিতে অস্বীকার করে। এর আগে একই মামলায় গত ১৯ মে ঢাকার সিএমএম আদালতেও রিজভীর জামিন আবেদন নাকচ হয়ে যায়।
এর আগে গত ২৮ মে রিজভীকে পল্টন ও মতিঝিল থানার তিন মামলায় ২৭ দিনের রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
গত ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ৯ দফায় রিজভীকে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই রিমান্ড শেষে জেলহাজতে পাঠায় আদালত।
চলতি বছল ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রিজভীকে আটক করে।

