নিজস্ব প্রতিবেদক : অসুস্থতাজনিত কারণে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে গত ৩ জুন উচ্চরক্তচাপজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন দলটির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার সকালে নজরুল ইসলামের গলায় অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে।
তার পারিবারিক সূত্র জানায়, নজরুল ইসলাম খানের কণ্ঠনালীর ওপরে টিউমারের মতো কিছু একটা ধরা পড়ে। সেখানে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সেখানেই ডাক্তার অস্ত্রোপচার করেছেন।
এদিকে বিএনপির আরেক নেতা মোহাম্মদ শাহজাহান মূত্রনালীতে সংক্রমণে ভুগছেন। মঙ্গলবার সকালে তারও অস্ত্রোপচার হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এম আবদুস সালামের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

