নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম. এ. মান্নান বলেছেন, ‘সকল জঙ্গি গোষ্ঠীর মূলে রয়েছে আহলে হাদীস ফিৎনা, এরাই বাংলাদেশকে জঙ্গীবাদের তীর্থভূমিতে পরিণত ষড়যন্ত্র করছে। অথচ সরকার একের পর এক নতুন নতুন জঙ্গি সংগঠন ও নেতাদের ধরে জঙ্গিবাদ দমনের ছলনা করছে।’
রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জঙ্গিবাদ বিরোধী ইমামে আযম কনফারেন্সে এসব কথা বলেন মান্নান। ইসলামি ছাত্রসেনা ঢাকা মহানগর এ কনফারেন্সের আয়োজন করে।
এম.এ.মান্নান বলেন, ‘সরকারি দলের লোকজন আহলে হাদীসকেই পৃষ্ঠপোষকতা দিয়ে লালন পালন করে চলছে। বাংলা ভাই, আব্দুর রহমান, মুফতি হান্নানসহ প্রায় সব জঙ্গি নেতাই আহলে হাদীস নামক ভ্রান্ত সংগঠন ও মতে বিশ্বাসী। এদের সঙ্গে সিরিয়ার নতুন জঙ্গি সংগঠন আইএসের মতাদর্শগত মিল আছে। যদিও আইএস নিজেদের সুন্নী বলে বিশ্ববাসীকে বোকা বানাচ্ছে। প্রকৃত পক্ষে ওরা সালাফী তথা আহলে হাদীস নামক ভ্রান্ত মতাদর্শে বিশ্বাসী।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে আহলে হাদীস আন্দোলন ও সালাফী মতাদর্শের প্রকাশনা এবং মিডিয়ার মাধ্যমেই একের পর একে জঙ্গি গোষ্ঠী গড়ে উঠছে। পিস টিভির জাকাতের নামে উত্তোলনকৃত অর্থ এদের অর্থায়নেই ব্যয় হচ্ছে।
এ কনফারেন্সে উদ্বোধন করেন মশুরীখোলা দরবার শরীফের পীর আল্লামা শাহ মুহাম্মদ আহসানুজ্জামান। কাউসার আহমাদ রুবেল ও আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইসলামি ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা স.উ.ম. আব্দুস সামাদ, ইসলামি যুবসেনার সভাপতি অধ্যাপক এম.এ.মোমেন, ইসলামি ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী, আল্লামা মাসউদ হোসাইন আলকাদেরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আল্লামা ড. আব্দুল্লাহ আল মারুফ, অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

