নিজস্ব প্রতিবেদক : অভিন্ন নদী, বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যাসহ সব দ্বি-পাক্ষিক সমস্যার ন্যায্য ও মর্যাদাপূর্ণ সমাধান দাবি করে ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ্যে ও জনগণের সামনে করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।
সাকি বলেন, ‘মোদির সফরকে বর্তমান সরকারের সফল্য হিসেবে দেখানো হচ্ছে। তিনি আওয়ামী লীগের পক্ষে আছেন এটা দেখাতে সরকারপন্থিরা ব্যস্ত। অন্যদিকে বিএনপি মোদির সুদৃষ্টি পাওয়ার জন্য মরিয়াভাব প্রকাশ করছে। কিন্তু দুই দেশের সম্পর্ক কেবল সরকার বা দুই দলের ভেতর সম্পর্ক নয় বরং দুই দেশের জনগণের ভেতরের সম্পর্ক, যার ভিত্তি হলো উভয় দেশের জাতীয় সার্বভৌমত্ব, সমমর্যাদা ও জাতীয় স্বার্থ। দুর্ভাগ্যজনকভাবে বিষয়টিকে এ প্রেক্ষিতে দেখার প্রক্রিয়া দারুণভাবে অনুপস্থিত। অথচ সত্যিকার বন্ধুত্বমূলক সম্পর্কের আবশ্যিক পূর্বশর্তই হলো এ ভিত্তি থেকে শুরু করা।’
তিনি বলেন, ‘আমরা মনে করি দুই দেশের জনগণের ভেতর সম্পর্ক স্থাপনের জন্য একটা প্রাথমিক শর্ত হলো রাষ্ট্রীয় পর্যায়ে কী হচ্ছে সে বিষয়ে জনগণের কাছে তথ্য থাকা। জনগণের মতামত দেয়ার সুযোগ সৃষ্টি। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই চুক্তিগুলো স্বাক্ষরের আগে তো বটেই, এমনকি স্বাক্ষরের পরও জনগণের অগোচরে থেকে যায়। ফলে আমরা দাবি করছি চুক্তির সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সমন্বয় কমিটির নেতা অ্যাডভোকেট আবদুস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, বাচ্চু ভূঁইয়া, আরিফুল ইসলাস, রেবেকা নীলা, অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক প্রমুখ।

