নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীনদের স্মরণ করে দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘দেশের টেকসই উন্নয়ন, বেঁচে থাকা ও টিকে থাকার জন্য মূল উপাদন হবে “বাংলাদেশ জাতীয়তাবাদ”। এর বাইরে কখনোই উন্নয়ন সম্ভব নয়।’
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাউথ এশিয়া ইয়ূথ ফর পিস অ্যান্ড প্রোসপারিটি সোসাইটি আয়োজিত ‘আমাদের পরিচয় সঙ্কট ও যুব সমাজের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদের বাইরে যাওয়া সম্ভব নয়। আমাদের সবাইকে একটি ছাতা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদ শক্তির তলেই আসতে হবে।’
তিনি বলেন, ‘৭২-এর মূল সংবিধানে ঘোষিত হয়েছিল বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবে। কিন্তু বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবে এটাই ছিল জিয়িউর রহমানের মূল চেতনা। আর এই চেতনায়ই দেশের বর্তমান নাগরিকরা নিজেদের পরিচিত করছে।’
বিএনপির এ নেতা আরো বলেন, ‘আদালত বাংলাদেশ জাতীয়তাবাদকে পরিচিত করেছে, যদিও সেখানে কিছু গোঁজামিলও রয়েছে। তবে সেদিকে আমি না গিয়ে একটি উদাহারণ দিতে চাই। সেটি হলো- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত থেকে বাংলাদেশে আসেন তখন তার পাসপোর্টে বাংলাদেশি লেখা ছিল। বর্তমানে তিনি যে লাল পাসপোর্ট ব্যবহার করেন সেখানেও লেখা আছে বাংলাদেশি। এতে বোঝা যায় জিয়াউর রহমানের চেতনার বাইরে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্যে রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট রুহুল আলম চৌধুরী, অ্যাডভোকেট মো. আজম খান প্রমুখ।

