নিজস্ব প্রতিবেদক : প্রচারণার ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির চেয়ে এগিয়ে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুবদল আয়োজিত জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎবার্ষিকি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হান্নান শাহ বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত চুক্তি হয়নি। কারণ ভারত তাদের সীমান্ত নির্ধারণের জন্য তাদের পার্লামেন্টে বিল পাস করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ডাকঢোল পিটিয়ে সবাইকে বলেছে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত চুক্তি হয়েছে।’
নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি সরকার একটি গণতান্ত্রিক সরকার তাই আমরা আশা করছি, গণতান্ত্রিক শিষ্টাচারের জন্য যতটুকু করার দরকার তিনি ঠিক এতটুকু করবেন।’
বিএনপির অনেক ব্যর্থতা আছে মন্তব্য করে হান্নান শাহ বলেন, ‘বিএনপিকে আগামীতে ক্ষমতায় আসতে হলে জিয়াউর রহমানের আর্দশ ও কর্মকাণ্ডকে প্রতিটি নেতার কাছে পৌঁছে দিতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন, বিএনপির সহ-সাংগঠানিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

