সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের পর বিভিন্ন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।’
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘ব্রিটিশরা ভারত এবং পূর্ব পাকিস্তানের সীমানা নির্ধারণ করে দিয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ইন্দিরা-মুজিব চুক্তির মাধ্যমে ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণ করে তা সংসদে পাস করেন। কিন্তু বিলটি ভারতের সংসদে পাস না হওয়ায় তা ঝুলে ছিল। ৪৪ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। এতে বাংলাদেশের মাত্রচিত্রে নতুন করে কয়েক হাজার একর ভূমি যুক্ত হয়েছে এবং ছিটমহলবাসী দীর্ঘ ৬২ বছর পর তাদের অধিকার ফিরে পেয়েছে।’
এর আগে, আদালতের রায়ে বিশাল সমদ্রসীমা জয় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ প্রমুখ বক্তব্য দেন।
এর আগে, উপজেলা পরিষদ চত্বরে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণকে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে রাজশাহী বিভাগের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম।
এ সময় তিনি বলেন, ‘অতীতের যেকোনো বাজেটের চেয়ে এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। এতে দেশের প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ সেখানে চিকিৎসা সেবা পাবে।’
এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

