সুন্দরবনের কটকা এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। (৫ অক্টোবর) সোমবার বিকেলে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সুন্দরবনে টোয়াসের নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে ডাকাতির চেষ্টা বা এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বিভিন্ন গণমাধ্যমে ‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি বন বিভাগও নিশ্চিত করেছে বলে দাবি করেন তিনি। শাহ জামান খান পপুল আরও বলেন, আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। সুন্দরবনের পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট নৌযানগুলো নিরাপদে চলাচল করছে এবং ভবিষ্যতেও নিরাপদ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদ দ্রুত প্রত্যাহার করে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্য ও সূত্র যথাযথভাবে যাচাই করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে টোয়াসের কার্যকরী সভাপতি মো. আল আমিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদী ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর উল আলম, সদস্য মো. ইমাদুল হাওলাদার ও সদস্য সৈয়দ সাহরিয়ার তাকিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার রাতে সুন্দরবনের কটকা এলাকায় পর্যটকবাহী একটি জাহাজে দস্যুদের হামলার চেষ্টার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হয়। ওই খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদে সোমবার বিকেলে মোংলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে টোয়াস।

