লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং মোটরসাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোড়ক মন্ডল ও বনচৌকি বিওপির টহলদল পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ করেছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে বিভিন্ন প্রকার মাদক চোরাচালানের চেষ্টা করবে। এরই পরিপ্রেক্ষিতে রোববার (৪ অক্টোবর) রাত ১টা ১৫মনিটে গোড়ক মন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়ক মন্ডল শয়তানের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২১কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এছাড়াও, রোববার (৪ অক্টোবর) রাত ৯টা ৩০মিনিটে বনচৌকি বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভেলাগুড়ি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে থামার সংকেত দিলে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ৭২টি বোতলসহ মাদকদ্রব্য বহনে ব্যবহৃত ১টি (এপাসি ১৬০সিসি) মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজা ২১কেজি, যার সিজার মূল্য ৭৩হাজার ৫শত টাকা ও ৭২টি বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, যার সিজার মূল্য ২৮হাজার ৮শত টাকা এবং মোটর সাইকেল ১টি, যার সিজার মূল্য ১লক্ষ ৮৫হাজার টাকাসহ জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২লক্ষ ৮৭হাজার ৩শত টাকা। এছাড়াও, মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

