বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাহবুবুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। একই আদেশে বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল এস,এম জিয়া-উল আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-কে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিএ-৩৮৯৯ মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-কে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, বিএ-৫০৬৮ মেজর জেনারেল মো. মাহবুবুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-কে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। নতুন দায়িত্ব পালনের জন্য তার চাকরি বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের স্মারক নম্বর ০৫,০০,০০০০,১৩২,১৯,০০১.২৬-১১৯০ এবং জারির তারিখ ৪ অক্টোবর ২০২৬।

