ডিজিটাল পেমেন্টের ব্যবহার বৃদ্ধি এবং সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগে এবং ডাচ-বাংলা ব্যাংকের সার্বিক সহযোগিতায় এই মাঠপর্যায়ের সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী পর্বে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নিজে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে সরাসরি বাংলা কিউআর কোড স্ক্যান করে একটি পণ্য কেনেন এবং এর মাধ্যমে আধুনিক লেনদেনের কার্যকারিতা প্রদর্শন করেন। বাংলা কিউআরকে শতভাগ নিরাপদ ও সুরক্ষিত পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে তিনি সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার ভিশন বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলা কিউআরের মাধ্যমে সব ধরনের লেনদেন কোনো বাড়তি ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে করা সম্ভব; ফলে সাধারণ মানুষকে আর নগদ টাকা বহন করার ঝুঁকি নিতে হবে না এবং কেনাকাটার বিল পরিশোধ প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত ও সহজ হবে।
বনানী কাঁচাবাজারের এই প্রচারণামূলক অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খানসহ কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাজারের খুচরা ব্যবসায়ী ও কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতাদের বাংলা কিউআর দিয়ে লেনদেনের ব্যবহারিক প্রক্রিয়া ও এর বিভিন্ন ইতিবাচক দিক সম্পর্কে অবগত করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে ডাচ-বাংলা ব্যাংক দেশজুড়ে প্রান্তিক ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতে নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ব্যাংকটির নিজস্ব ডিজিটাল পেমেন্ট অ্যাপ ‘নেক্সাসপে’ এবং জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা ‘রকেট’ ব্যবহার করে যে কেউ অতি সহজে ও ঝামেলাহীনভাবে এই ক্যাশলেস লেনদেন সুবিধা উপভোগ করতে পারছেন।

