নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ । ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সংসদ ভবনে গিয়ে রোববার দুপুরে শপথ নেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় তার ছোট ভাই জি এম কাদের উপস্থিত ছিলেন। শপথ নিতে আসা এরশাদ বেশ কিছুক্ষণ তার কার্যালয়ে বসেন। এ সময় তাকে শারীরিকভাবে দুর্বল মনে হয়েছে। চেহারায়ও ছিল না হাসিখুশি। অসুস্থতার কারণে তার এই অবস্থা বলে জানা গেছে।
মূলত অসুস্থতার কারণেই বৃহস্পতিবার জাপার এমপিদের সঙ্গে সাংসদ হিসেবে শপথ নিতে যাননি এরশাদ।
এর আগে শনিবার দুপুরে অসুস্থতার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক রাষ্ট্রপতিকে। তার সহকারী একান্ত সচিব মনজুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন।
রংপুর–৩ আসন থেকে এবার সাংসদ নির্বাচিত হন তিনি। তবে অসুস্থতার কারণে নির্বাচনী এলাকায়ও যেতে পারেননি তিনি। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। ২৬ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।

