ঢাকাThursday , 3 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় নির্বাচন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নিয়ে তারা এ দাবি জানায়।
সি‌পি‌বির কেন্দ্রীয় ক‌মি‌টির সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো অবকাশ নেই তা আরেকবার প্রমাণ হলো। তাই এই নির্বাচন ফলাফল গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের দিনের আগের রাতে ব্যালটবাক্সে ভর্তি করে রাখা, নিরাপত্তার নামে নজিরবিহীন ভয়-ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে। বাম জোটের একাধিক প্রার্থীসহ বিরোধীদলগুলোর প্রার্থীর এজেন্টদের আটক, শারীরিকভাবে লাঞ্ছিত, কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়ার মধ্য দিয়ে অধিকাংশ দেশবাসীকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর অবাধ নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যাদেরকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে তাদের সবাইকে জনগণ ভুয়া প্রতিনিধি হিসেবে বিবেচনা করছে। জনগণের কাছে জনগণের প্রতিনিধি বলে দাবি করার কোনো বৈধতা নেই তাদের।
এ অবস্থায় নির্বাচনের ফলাফল বাতিল করে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ সরকার গঠন ক‌রে গোটা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করে নতুন নির্বাচন করার দাবি জানান।
এ সময় তিনি আগামী ১১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে তা‌দের প্রার্থীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানান।
অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ।