স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের পেসার হাসান আলীর অদ্ভুত উদযাপনের কথা মনে আছে! উইকেট পেলে ডানহাত মুষ্টিবদ্ধ করে নিচে ‘ঘুষি’ মারতেন, এরপর পাখির ডানার মতো দুই হাত তুলে দিতেন মুক্ত আকাশে। মুখ দিয়ে শব্দ করতেন ভুম, ঠিক বোমা ফাঁটার আওয়াজের মতো!
হাসান আলীর এমন উদযাপন চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা গেছে হরহামেশাই। দলকে বারবার সাফল্য এনে দিয়েছেন আর অদ্ভুত উদযাপন করেছেন। তার উদযাপনের ভিডিওগুলো ভাইরাল হয়েছে খুব সহজেই। হাসান আলীর এক ভক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এমন স্টাইলে উদযাপন করে সবাইকে চমকে দিয়েছেন। তার ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুইটার পেজে টুইট করে লিখেছে,‘স্নাতক পাসের সার্টিফিকেট পেয়ে এতটাই খুশি এবং গর্বিত যে সত্যিকারের হাসান আলীর উদযাপন হল।’ হাসান আলী নিজেও অফিসিয়াল টুইটার পেজে ভিডিওটি শেয়ার করে লিখেছেন,‘রিয়েল হাসান আলী।’
সার্টিফিকেট নেওয়ার আগে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন ওই ভক্ত। মাইকে তার নাম বলার পর হাসান আলী স্টাইলে নিজের সাফল্য উদযাপন করেন। উপস্থিত সবাই তার উদযাপনে তালি দিয়েছেন, হাসা-হাসি করেছেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে হাসান আলীর সাফল্য ছিল ঈর্ষনীয়। দলকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন ডানহাতি এ পেসার। সর্বোচ্চ ১৩ উইকেট নেন ২৩ বছর বয়সী এ ক্রিকেটার। পাঞ্জাবের এ ক্রিকেটার নির্বাচিত হন ম্যান অব দ্যা সিরিজও।

