স্পোর্টস ডেস্ক : প্রায় এক দশক উইম্বলডনে একক আধিপত্য ছিল তার। ২০০০ থেকে ২০০৯, এই সময়ে ভেনাস উইলিয়ামস পাঁচবার হয়েছিলেন চ্যাম্পিয়ন, তিনবার রানার-আপ। ৭ বছর পর আবার অল ইংল্যান্ড ক্লাবে ফাইনালে উঠেছেন আমেরিকান তারকা।
আজ সন্ধ্যায় মেয়েদের এককের ফাইনালে ভেনাসের প্রতিপক্ষ স্পেনের গার্বিনে মুগুরুজা। আজ জিতলেই টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সি নারী হিসেবে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড গড়বেন ৩৭ বছর বয়সি ভেনাস।
বর্তমানে রেকর্ডটা ভেনাসেরই ছোট বোন সেরেনা উইলিয়ামসের দখলে। গত জানুয়ারিতে সেরেনা যখন অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন, তার বয়স ছিল ৩৫ বছর। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা। মা হতে যাচ্ছেন বলে এবারের উইম্বলডনে সেরেনা খেলছেন না। ভেনাসের সামনে তাই শিরোপাটা উইলিয়ামস পরিবারে ধরে রাখার চ্যালেঞ্জও।
অন্যদিকে ২০১৫ উইম্বলডনের ফাইনালে সেরেনার কাছে হেরেছিলেন মুগুরুজা। ২০১৬ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ২৩ বছর বয়সি এই স্প্যানিশ খেলোয়াড় দ্বিতীয়বারের মতো উঠেছেন উইম্বলডনের ফাইনালে। এবার তিনি প্রথমবারের মতো শিরোপাটায় চুমু এঁকে দিতে পারবেন?

