নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে পুনরায় ছয়জন সাক্ষীকে পুনরায় জেরা কারার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার পুরান ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালত এ আবেদন নামঞ্জুর করেন। এ দিকে মামলাটিতে আজ খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য ছিল।
আদালতে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী এ মামলায় সাক্ষ্য দেওয়া ৬, ১২, ১৩, ১৫, ১৬, ১৭তম সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন করেন। দুদকের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বক্তব্য দেওয়া জন্য প্রস্তুতি নিতে বলেন।
এ ছাড়া একই আদালতে আজ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য রয়েছে।এর আগে আজ সকাল সোয়া ১০টায় গুলশানের ফিরোজা বাসভবন থেকে আদালতের উদ্দেশ্য রওনা দেন তিনি। বেলা ১১টার দিকে তিনি আদালতে পৌঁছান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ দাবি করেন। এরপর তিনি আদালতে একটি লিখিত বক্তব্য দেন। ওই দিন তার বক্তব্য শেষ হয়নি।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
এতিমদের জন্য বিদেশি থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।

