নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানার নাশকতা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সোমবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ২৭ সেপ্টেম্বর সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছেন।
বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু ও শফিউল বারী বাবু।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৩ এপ্রিল রাজধানীর পল্টন থানাধীন নয়াপল্টন এলাকায় আসামিরা পরস্পর যোগসাজসে গাড়িতে অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় পল্টন থানার এসআই জাকির হোসেন মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৫ অক্টোবর পল্টন থানার এসআই শফিউর রহমান মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

