বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান তুহিনের স্ত্রী নুসরাত জাহান বিথীর (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে এ ঘটনার পর নিহতের স্বামী সহকারী প্রকৌশলী সাইদুর রহমান তুহিন গা-ঢাকা দিয়েছেন বলে পুলিশ জানায়। এই দম্পতি দশানী বাগেরহাট পুলিশ সুপারের বাসভবনের সামনে জনৈক আল-আমীনদের বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ জানায়, বাগেরহাট বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী সাইদুর রহমান তুহিনের স্ত্রী নুসরত জাহান বিথী বৃহস্পতিবার দুপুরে সবার অজান্তে ঘরে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেন। বিষয়টি দেখতে পেয়ে বাসায় থাকা শ্বশুর ও ননদ ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ বাগেরহাট মডেল থানায় জানালে পুলিশ ওই বাড়ি পরিদর্শন করে এবং হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
বাগেরহাট মডেল থানার এসআই খোন্দকার এনায়েত হোসেন জানান, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কারণ উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

