নিজস্ব প্রতিবেদক : গুলশানে নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে সন্ত্রাসবাদ ও মানুষ হত্যার অনুমোদন ইসলামে নেই।’
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ নিন্দা-প্রতিবাদ জানান।
সেই সঙ্গে তিনি হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রওশন এরশাদ বলেন, ‘শুধু ইসলাম ধর্ম নয়, সব ধর্মের মূলমন্ত্রই হচ্ছে শান্তি। কোনো ধর্মই এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।’
বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে তিনি বলেন, শান্তিপ্রিয় দেশ বাংলাদেশে হাজার বছর ধরে শান্তির সুবাতাস বয়ে চলছে। বিভিন্ন ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ একসাথে মিলেমিশে জীবনযাপনে অভ্যস্ত।
রওশন ভবিষ্যতে এমন নারকীয় হত্যাকাণ্ড যাতে আর কখনো না ঘটে সেজন্য সরকারকে আরো বেশি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিবারের কেউ যেনো জড়িত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
আইন প্রয়োগকারী সংস্থা জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত জিম্মি ঘটনা অত্যন্ত দক্ষতার সঙ্গে অল্প সময়ে মোকাবেলা করার জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন রওশন এরশাদ।

