নিজস্ব প্রতিবেদক : দেশে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেই বিরোধী দলের ওপর দায় চাপানো হয়। এর মধ্য দিয়ে জঙ্গিদেরকেই বরং উস্কে দেয়া হচ্ছে। আর দায় চাপানোর এই রাজনৈতিক সংস্কৃতির কারণেই ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ হিসেবে গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে এমন ঘটনা আমাদের ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে।’
শনিবার (০২ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন মোর্ত্তজা।
তিনি বলেন, ‘জিম্মি সঙ্কট নিরসনে যৌথ বাহিনীর অভিযানে যেসব কর্মকর্তা দৃঢ়তার সাথে সাহসী ও প্রত্যয়ী ভূমিকা রেখেছেন দেশবাসী তাদের কাছে চিরকৃতজ্ঞ। একইসঙ্গে উচ্চ মহলেরও ধন্যবাদ প্রাপ্য। কারণ, পূর্বপরিকল্পিত বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ডের মতো সিদ্ধান্তহীনতার নামে এবার জীবননাশের সংখ্যা বাড়ানো হয়নি।’
ক্ষমতাসীনদের উদ্দেশে এনডিপি চেয়ারম্যান বলেন, ‘এ নাশকতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না নিয়ে দেশে জঙ্গিবাদের বিকাশে কারা মদদদাতা ও সুবিধাভোগী, ইসলামের নামে অপকর্মে কাদের স্বার্থ হাসিল হয়, ধর্মান্ধতার প্রমাণে কাদের উপর অত্যাচার শুরু হয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর কী প্রভাব পড়ে দ্রুত সেগুলো খুঁজে বের করা প্রয়োজন।’

