
নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত হাজার রাতের চেয়েও পুণ্যময় রাত। পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময়। এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করে রাত অতিবাহিত করে থাকেন। এ রাতেই আল কোরআন নাজিল হয়েছিল।
এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দিন ও রাতব্যাপী বিশেষ ইবাদত বন্দেগী, ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এতে ওয়াজ করবেন ঢাকার মদীনাতুল উলুম কালিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবদুর রাজ্জাক।
এছাড় রাত পৌনে ১১টায় পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় শীর্ষক ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওয়াজ করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।

