নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর আর্দশ, নীতি ও স্বপ্ন থেকে আওয়ামী লীগ অনেক দূরে সরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শনিবার বিকেলে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ ধরে রাখলে আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না। কারণ বঙ্গবন্ধু চেয়েছিল দেশে কোনো গণমাধ্যম থাকবে না মাত্র একটি গণমাধ্যম থাকবে। তা এ দেশের জনগণ চায় না।’
বিএনপি জামায়ত নির্ভর দল, বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দেজা চৌধুরীর এ বক্তব্যে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলেন তিনি বলেন, ‘তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এ ধরনের বক্তব্য দিয়েছেন। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ ও নীতির রাজনীতি করে, জামায়তের উপর নয়।’
জিয়া আর্দশ বিএনপিতে আছে কিনা এমন প্রশ্নের জবাবে রিপন বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের আর্দশ ও নীতি থেকে সরে আসার কোনো কারণ নেই। মাঝে মধ্যে দলের কিছু কৌশল পরিবর্তন হয়।’
তিনি বলেন, ‘অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক খাতকে বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে গেছেন। আর পরিস্থিতি সামলাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।’
একই সঙ্গে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী ৭ বছরে প্রতিটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংককে হরি লুটের রাজ্যে পরিণত করেছেন। অর্থমন্ত্রী যতোই বলুক ৪০ হাজার কোটি টাকা কোনো ব্যাপার না। তার এ বক্তব্যের কারণে দেশের ব্যাংকগুলো আমানত সংকটে পড়ছে। দেশে যে আর্থিক সমস্যা এর সমাধান কোথায়? এ প্রশ্নের জবাব অর্থমন্ত্রীর কাছে এদেশের মানুষ জানতে চায়। তাকে সুষ্পষ্টভাবে এর জবাব দিতে হবে।’
তিনি বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে কোনো টাকা দেয়া হয়নি। এমনকি উল্লেখও করা হয়নি। অথচ প্রতিবছর ৫ হাজার কোটি টাকা দেয়া হয়।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠিক সম্পাদক আব্দুস সালাম আজাদ সহ-দপ্তর ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ।

