নিজস্ব প্রতিবেদক : আইনের শাসন দূরের কথা আওয়ামী লীগ তো দেশে জঙ্গি শাসনও কায়েম করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, ‘আওয়ামী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে এ কারণে গত ১০ দিনে ১০ জন শিশু খুন হয়েছে। এর মূল কারণ আওয়ামী লীগ প্রশাসনকে দলীয় প্রশাসনে পরিনত করেছে। যার ফলে প্রসাশন নিজেদের দায়িত্ব বাদ দিয়ে টাকা আদায় (দুর্নীতি) করছে। আইনের শাসন দূরের কথা আওয়ামী লীগ তো দেশে জঙ্গি শাসনও কায়েম করতে পারছে না।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বন্ধুদল আয়োজিত শহীদ জিয়ার ৩৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ও ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক অনুষ্ঠানে নোমান এ কথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘হুমকি-ধামকি দিয়ে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনের কথা বলে বাংলাদেশে রাজনীতি করা যাবে না।’
নোমান বলেন, ‘জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই। তারা দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। আর এই জনগণের সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতারাও আছে।’
‘রমজান মাসে কোনো দ্রব্যের দাম বাড়বে না, বাড়তে দেয়া যাবে না’ সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘বাজারে গেলে দেখা যায় নিত্যপণ্যের দাম মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই সরকারে মন্ত্রী-এমপিদের এ ধরনের কথা শোভা পায় না।’
ছিটমহল চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, আর ছিটমহলবাসী ২০১৫ সালে স্বাধীনতা লাভ করে। এটা তাদের জন্য অনেক প্রাপ্তির বিষয়।’
আয়োজক সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান মিঠুর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, সহ-দপ্তর ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আসাদুল কমির শাহীন প্রমুখ।

