নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ১৯৭১ সালে বাংলাদেশকে যেভাবে দুর্নীতিগ্রস্ত করে তুলেছিল ঠিক একই প্রক্রিয়ায় আজকে বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘শাহীদ জিয়ার রাজনীতি এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য কারেন।
সরকারি মন্ত্রী, এমপিরা উন্নয়নের বুলি আওড়াচ্ছেন উল্লেখ করে মঈন খান বলেন, ‘বর্তমান মন্ত্রী, এমপিরা সরকারের যে উন্নয়নের কথা বলছেন তা সম্পূর্ণ অর্থহীন। কারণ গণতন্ত্র ছাড়া একটি দেশে উন্নয়ন কখনো সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতার পক্ষে রাজনৈতিক দল বলে সবসময় দাবি করেন। কিন্তু আজকে যোগ-বিয়োগ করেলে বেরিয়ে আসবে আওয়ামী লীগ না বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তির দল।’
ড. মঈন খান আরো বলেন, ‘আজ বাংলাদেশে নতুন করে ইতিহাস রচনা করা হচ্ছে, যা বিশ্বের কোনো দেশে নজির নেই। বাংলাদেশ একটি আজব দেশ, যেখানে সরকার ইতিহাস লিখছে।’ আজকের ক্ষমতাসীনরা অর্থের লিপ্সায় নিজেদেরকে বিদ্রূপ করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. মাহবুবুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আফম ইউসুফ হায়দার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আযাদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ প্রমুখ।

