নিজস্ব প্রতিবেদক : বিএনপির আন্দোলন জয়ের দ্বারপ্রান্তে, তবে সরকারের কাছ থেকে সে বিজয় এখনো ছিনিয়ে নিতে পারিনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামি পার্টির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পার্টির প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের স্বরণে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সরকারকে উদ্দেশ্য করে নোমান বলেন, ‘আপনারা যদি গুম-খুনের রাজনীতি বন্ধ না করে বিএনপির শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি না দেন এবং অন্তর্বর্তীকালীন নির্বাচনের ব্যবস্থা না করেন তবে জনগণের বিপ্লব অনিবার্য।’
তিনি বলেন,‘ গুম ও খুনের বিরুদ্ধে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০দলীয় জোটের আন্দোলন চলছে, চলবে। এ আন্দোলন কখনো টেবিলের আলোচনা সভায় এবং কখনো রাজপথে গড়াবে। কারণ আন্দোলনের কিছু ধারা ও কৌশল থাকে । সেই কৌশল নিয়েই ২০দলীয় জোট তাদের আন্দেলন অব্যাহত রেখেছে।’
নেতাকর্মীদরে উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকারের পরাজয় হবেই। তখন এই সরকার জনগণের সামনে আসতে পারবে না। কারণ বর্তমান অবৈধ সরকার ও সংসদকে জনগণ কখনো স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না।’
বিএনপির প্রতি জনগণের শক্তি কমে যায়নি বরং আরো বেড়েছে বলেও মন্তব্য করেন নোমান।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের পর মিয়ানমারে ভারতের সেনাবাহিনী আক্রমণ করেছে উল্লেখ করে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘মিয়ানমারের ওপর ভারত কেন আক্রমণ করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে এই আক্রমণ অনেকটা শিষ্টাচার বহির্ভূত।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার ছাহেদুল হাসান ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিশ দলীয় জোটের শেীর্ষ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

