নিজস্ব প্রতিবেদক : বাসচাপায় ও গাছের সঙ্গে বাসের ধাক্কায় এবং ট্রাকের নিচে চাপা পড়ে মানিকগঞ্জ, বগুড়া, নাটোর ও দিনাজপুরে নয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায়, ভোরে বগুড়ার সান্তাহার, দিনাজপুরের ঘোড়াঘাট ও নাটোরের সিংড়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
মানিকগঞ্জ: মানিকগঞ্জে চলন্ত বাসে উঠতে গিয়ে আবুল হোসেন শিকদার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাসস্ট্যান্ডের পূর্বদিকে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী বিআরটিসির চলন্ত বাসে উঠতে গিয়ে আবুল হোসেন পিছলে পড়ে যান। এ সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ মহাসড়কের গোলড়া এলাকা থেকে বাসটি আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া: বগুড়া-নওগাঁ মহাসড়কে বিআরটিসি বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহাসড়কের সান্তাহারের অদূরে ঢাকা রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের হেলপার নওগাঁর নজিপুর উপজেলার ডাবলু হোসেনের ছেলে রাশমিন হোসেন (২৫) ও যাত্রী জয়পুরহাট জেলার মঙ্গলপুর এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে নাসির উদ্দিন নাসিম (১৭)।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁর সাপাহারগামী বিআরটিসির একটি বাস ঢাকা রোড এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আহত চার জনকে পুলিশ উদ্ধার নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। চালক ঘুমিয়ে পড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
দিনাজপুর: দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটে ইনসাফ স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত কমপক্ষে ২৫ জন যাত্রী। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চালক মো. সুলতান (৪৫)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা। বাসযাত্রী মো. আব্দুস সালাম (২২)। তিনি বিরল উপজেলার বাসিন্দা। বাকীদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
ঘোড়াঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. জাকারিয়া জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী ইনসাফ স্পেশাল পরিবহনের একটি নৈশ কোচ উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিন্ত্রয়ণ হারিয়ে রাস্তার পাশে বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক মো. সুলতান ও যাত্রী মো. আব্দুস সালাম মারা যান। এ ঘটনায় আহত হন কমপক্ষে ২৫ জন যাত্রী। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয়।
নাটোর: সিংড়ায় বিকল ট্রাক মেরামতের সময় উল্টে গিয়ে তিন জন নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে সিংড়ার আত্রাই ব্রিজের টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পরিবহন শ্রমিক শাহীন (৩০), গাড়ির মিস্ত্রি শুভ (২৪) ও ছোটন (২৫)।
পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে সিংড়ার আত্রাই ব্রিজের টোল প্লাজার সামনে একটি ট্রাক বিকল হয়ে যায়। এ সময় শুভ ও ছোটনকে ডেকে ট্রাকটি মেরামতের কাজ করা হচ্ছিল। এক পর্যায়ে পরিবহন শ্রমিক শাহীন সেখানে কর্মরত মিস্ত্রিদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাহীন মারা যান। আহত শুভ ও ছোটনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তারা মারা যান।


