পাবনা প্রতিনিধি : পাবনায় এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের দায়ে দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
পাবনার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক (জেলা জজ) গাজী রহমান সোমবার বিকেলে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা শহরের দিলালপুর এলাকার ছগির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩২) এবং মুজাহিদ ক্লাব এলাকার আক্কাস আলীর ছেলে শফি মিয়া (৩০)। তার দু’জনেই পাবনা শহরের রুপকথা রোডের আবাসিক হোটেল ছায়ানীড়ের কর্মচারী। করেন। রায় ঘোষণার সময় দু’জনেই কাঠগড়ায় ছিলেন।
রায়ের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালের ৬ মে ধর্ষিতার স্বামীকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। ১১ মে ওই গৃহবধূ ও তার সন্তান এবং দেবরকে নিয়ে স্বামীকে দেখতে পাবনা শহরে আসেন। রাত হয়ে যাওয়ায় তারা শহরের রুপকথা রোডের হোটেল ছায়ানীড়ের ৮নং কক্ষ ভাড়া নেন। গভীর রাতে আসামি জামাল উদ্দিন ও শফি মিয়া গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার দেবর ও সন্তানকে অস্ত্রের মুখে অন্য রুমে আটকে রাখা হয়।
এ ঘটনায় ধর্ষিতার দেবর বাদী হয়ে ১৩ মে একটি ধর্ষণ মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক জামাল উদ্দিন ও শফি মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ আদায় করে ক্ষতিগ্রস্ত গৃহবধূকে দেয়ার নির্দেশও দেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার সরকার।

