ফেনী প্রতিনিধি : অস্ত্রসহ আটক ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর ২৬ অনুসারীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার সন্ধ্যায় ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক আলমগীর মো. ফারুকী এ নির্দেশ দেন।
এর আগে, ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম বাদী হয়ে মডেল থানায় একটি মামলা করে তাদের থানায় হস্তান্তর করেন।
রোববার সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশ ২৬ জনকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক আলমগীর মো. ফারুকীর আদালতে হাজির করে।
ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক মঈনুদ্দীন আসামিদের কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় রোববার আর শুনানি হবে না। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- মো. আরাফাত হোসেন আসিফ, মো. নোমান, মো. হাসান, মো. শাহাদাত হোসেন, মো. কপিল উদ্দিন, মো. জেমী, মো. রবিউল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. সালেহ আহম্মদ, মো. শফিকুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, মো. ওমর ফারুক, মো. ইমরান হোসেন, মো. একরামুল হক, আবু বক্কর সিদ্দিক, জামাল উদ্দিন, মো. শাহাদাত হোসেন, মো. এনামুল করিম রাজিব, আশরাফুল ইসলাম, মো. ইউসুফ ডলার, মো. মঈনুদ্দীন, মো. আবুল কাশেম, মো. আবদুর রহমান রিন্টু, মো. সরোয়ার হোসেন, চালক মো. রবিউল হক লিটন ও মো. আবু তাহের।
আটকৃতরা সবাই যুবলীগ নেতা আজিজুল হক হত্যার প্রতিবাদে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর বিরুদ্ধে সমাবেশ করে ফিরছিলেন। তারা সবাই ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অনুসারী। দীর্ঘদিন ধরে এই দুই এমপির মধ্যে বিরোধ চলে আসছে।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) সদস্যরা অভিযান চালিয়ে দুই মাইক্রোবাস চালক ও যুবলীগ-ছাত্রলীগের ২৪ নেতাকর্মীকে অস্ত্রসহ আটক করে। এ সময় র্যা ব তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি শর্টগান, পাঁচটি পিস্তল, একটি একনলা বন্দুক, চারটি এলজি ও ১৬টি রামদা, দুটি চায়নিজ কুড়াল উদ্ধার করে। তাদের ব্যবহৃত তিনটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
র্যা ব-৭ এর ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে বৈধ অস্ত্রের দাবি নিয়ে রোববার বিকেল পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। উদ্ধার করা অস্ত্রগুলো থানায় জমা দেয়া হয়েছে।

