কুষ্টিয়া প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এখন ঢাকায় অবস্থান করছেন। কিন্তু এর মধ্যেই কুষ্টিয়ায় এক বাংলাদেশিকে তাদের ক্যাম্পে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত থেকে বিপ্লব হোসেন (২৫) নামে ওই বাংলাদেশিকে শনিবার সকালে ধরে নিয়ে যায় তারা। এ ঘটনার পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা তাকে ফেরত চেয়ে চিঠি পাঠালেও বিকেল অবধি কোনো জবাব মেলেনি।
বিপ্লব হোসেন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চরপাড়া গ্রামের নমির উদ্দিনের ছেলে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার রাকিব হোসেন জানান, সকালে ১৫৭-১৩(আর) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যাচ্ছিলেন বিপ্লব হোসেন। এসময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে ফেলে। এরপর ক্যাম্পে নিয়ে গিয়ে আটকে রাখে।
আটক বিপ্লবকে ফেরত চেয়ে বিজিবি কর্মকর্তারা পত্র পাঠিয়েছে। বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত কোনো সাড়া দেয়নি বিএসএফ।

