নিজস্ব প্রতিবেদক : গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ এবং তা জিডিপিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। স্মারকলিপি দেয়ার আগে মঙ্গলবার সকালে একই দাবিতে মানববন্ধনও করেছে সংগঠনটি। মানববন্ধন শেষে নারী নেত্রী রওশন আরা রুশোর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল ৪ দফা দাবি জানিয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
সংগঠনের দাবিগুলো হলো- গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে জিডিপিতে অন্তর্ভুক্ত করা, দুস্থ-অসহায় নারীদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার জন্য বাজেটে বরাদ্দ রাখা, সমাজ ও রাষ্ট্রে নারীর শ্রমের অবদানের স্বীকৃতি দেয়া এবং নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ নেয়া।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি রওশন আরা রুশো বলেন, ‘গৃহস্থালি কাজের মাধ্যমে নারীরা পরিবারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গৃহকাজে তাদের অনেক শ্রম দিতে হয়। এরপরেও সমাজে নারীরা অবহেলার শিকার। গৃহস্থালি কাজের অবদানের মূল্যায়ন না হওয়ায় নারীরা তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নির্যাতন ও বৈষম্যেরও শিকার হচ্ছেন। নারীর প্রতি সমাজের এই দৃষ্টিভঙ্গী ও অবস্থা পরিবর্তন করতে তাদের গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে রাষ্ট্র বড় ধরনের ভূমিকা রাখতে পারে। তাই বাজেটে এ সংক্রান্ত একটি থোক বরাদ্দের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি সমাজে যারা স্বামীর সংসারে নির্যাতিত, বিধবা, অসহায় তাদের পুনর্বাসনের ব্যবস্থাও রাষ্ট্রকেই নিতে হবে।’
মানবববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক শম্পা বসু, সদস্য রুখসানা।

