দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, আসন্ন মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) সামনে রেখে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা করেছেন। এই চক্রান্তকারীদের প্রকৃত দেশপ্রেম কতটুকু, তা বিচার করার ভার এখন দেশের সাধারণ মানুষের ওপর বলে তিনি উল্লেখ করেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় অতিদরিদ্র পরিবারের জন্য পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বাড়ি “ঠিকানা” শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, স্থানীয় জনপ্রতিনিধিসহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় তিনি দেশে ফেরেননি; এখন বিচারের রায় ও কার্যক্রম শেষ হওয়ার পর তিনি ফেরার কথা বলছেন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁর দেশে ফেরার সুযোগ রয়েছে। দেশে ফেরার এই ইস্যুকে পুঁজি করে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা ও অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ত্রাণমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে এ ধরনের ধ্বংসাত্মক তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতের মতো আগামীতেও কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এ দেশের সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি সরকারের আবাসন পরিকল্পনার ওপর আলোকপাত করে বলেন, দেশের ভূমিহীন, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ, টেকসই ও জলবায়ু সহিষ্ণু বাসস্থান গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ‘ঠিকানা’ প্রকল্পের ঘরগুলো গ্রামীণ জনপদের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বড় ভূমিকা রাখবে। দেশের সব গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ‘ঠিকানা’ বাসগৃহটির নামফলক উন্মোচন করেন মন্ত্রী এবং উপকারভোগীর হাতে ঘরের চাবি তুলে দেন। সরকারি এই ঘরটি পেয়েছেন বুদার বাঁশের তল এলাকার হতদরিদ্র দিনমজুর মোছাঃ জোলেখা বেগম, পিতা: মৃত মোবারক হোসেন, স্বামী: মৃত নুরুল হক। নতুন এই নিবাসে তাঁর সঙ্গী হিসেবে থাকবেন তাঁর ছোট বোন, পেশায় দিনমজুর সালেহা খাতুন। দীর্ঘ বছর ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা এই দুই বোন পাকা ও নিরাপদ আশ্রয় পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

