নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এবং বেকারির খাদ্যপণ্যে রং মেশানোর দায়ে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদা বেকারিকে ২ হাজার টাকা, আল আমিন বেকারিকে ২ হাজার টাকা এবং পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পুরাতন বাস টার্মিনাল এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।

