ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে সারের অবৈধ মজুত, বিতরণে অনিয়ম ও ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে। সার কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারলে ভবিষ্যতে উদ্বৃত্ত সার রপ্তানির সুযোগ তৈরি হতে পারে।
সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন এবং অনিয়ম চিহ্নিত করে সুপারিশ দিতে মোঃ মোস্তাফিজুর রহমান এমপিকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মোঃ রোকন উদ্দীন বাবুল এমপি ও মোছাঃ সাবিরা সুলতানা এমপি। এ ছাড়া লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোরে সার ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের সুপারিশ করা হয়। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিষ্পন্ন ডিলারশিপ চুক্তি স্থগিত রাখা এবং সম্পাদিত চুক্তির ক্ষেত্রে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

