বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশাল শোডাউন দিয়েছেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বাঁশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে ইউনিয়নের গিলাতলা বাজার থেকে মোটরসাইকেল অটো রিক্সা ও নসিমন সহ অন্যান্য বাহনে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে শোডাউন দেওয়া হয়।
শোডাউনটি ইউনিয়নের গিলাতলা বাজার হইতে শুরু করে ইসলামাবাদ তালবুনিয়া হয়ে কালীগঞ্জ বাজারে গিয়ে আবারো গিলাতলা বাজারে এসে শেষ হয়। মোটরসাইকেল অটো রিক্সা ও নসিমন সহ অন্যান্য প্রায় তিন শতাধিক বাহন এই শোডাউনে অংশগ্রহণ করে।শোডাউন চলাকালীন সময়ে সড়কের বিভিন্ন স্থানে ও হাট বাজারে সাধারণ জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন চেয়ারম্যান প্রার্থী এস এম আব্দুল্লাহ।
শোডাউন আয়োজনকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন- ভাগা মহিলা কলেজের অধ্যাপক গাজী আব্দুল মাজেদ, মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা শেখ সাইফুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, শেখ কামরুল ইসলাম, শেখ তহিদুল ইসলাম, শেখ আরিফ বিল্লাহ, আব্দুস সাত্তার শেখ, গোলাম হোসেন, বজলুর রহমান, তুষার আহমেদ, রঞ্জন কুমার, ফনি ভুষণ পাল, ঝুমুর বেগম ও তাহেরা খাতুন।
শোডাউন চলাকালে বিভিন্ন হাট বাজারে উপস্থিত গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের বক্তৃতায় বলেন, এস এম আব্দুল্লাহ রাজনৈতিক পরিবারের সন্তান। বছরের পর বছর ধরে তারা মানুষের সেবায় নিয়োজিত। আমরা যখনই ডাক দেই তাদেরকে কাছে পায়। এস এম আব্দুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন নিবেদিত ও নির্যাতিত নেতা। হামলা মামলা জেল জুলুম সহ্য করেও তিনি বাঁশতলী ইউনিয়নের সর্বসাধারণের পাশে দাঁড়িয়েছেন। বিগত সময়ে প্রাকৃতিক দুর্যোগে তিনি অর্থ খাদ্য দিয়ে এলাকার মানুষকে সহায়তা করেছেন। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় তার ব্যাপক অবদান রয়েছে। আগামী নির্বাচনে তার মত সৎ ও সাহসী চেয়ারম্যান বাঁশতলী ইউনিয়নে প্রয়োজন। তার কাছে এই ইউনিয়ন নিরাপদ।

