শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের শ্রী শ্রী রাধা গোবিন্দ দুর্গামণ্ডপ পরিদর্শন করেছেন ১৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন পদাতিক।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় স্টেডিয়াম রোডে অবস্থিত মণ্ডপটি পরিদর্শন করেন তিনি।
বিজিবি জানায়, লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় ১৫ বিজিবির দায়িত্বপূর্ণ অঞ্চলের মোট ১৬০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
পরিদর্শনকালে ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি প্রস্তুত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতেও বিজিবি কাজ করছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য, পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

