ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

Link Copied!

কর্ণফুলী টানেলের বর্তমান আর্থিক লোকসানের কারণ ও প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া খতিয়ে দেখবে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
বৈঠকে কর্ণফুলী টানেলের সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়ন এবং বর্তমান আর্থিক লোকসানের কারণ নিয়ে আলোচনা হয়। বিষয়টি পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়। বৈঠকে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে ২৫৬টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। ভূমি অধিগ্রহণের জটিলতা, আমদানিনির্ভরতা, প্রকল্প পরিচালক নিয়োগে সমস্যা, সম্ভাব্যতা যাচাইয়ে ত্রুটি, সময়মতো অর্থ ছাড় না হওয়া এবং আন্তমন্ত্রণালয় সমন্বয়হীনতাসহ বিভিন্ন কারণে এসব প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়েছে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করে কমিটি। এ ছাড়া প্রকল্প পরিচালক নিয়োগে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান ১ হাজার ১৫৩টি প্রকল্পের তালিকা এবং পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অঞ্চলভিত্তিক বৈষম্য কমানো এবং ন্যায্যতার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের ২২১টি শূন্য পদের বিপরীতে বিভিন্ন গ্রেডে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বৈঠকে জানানো হয়। শূন্য পদের বিপরীতে সুপরিকল্পিত কর্মভার নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশনা দেন কমিটির সভাপতি। বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপিসহ কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম ও মো. রাশেদুল ইসলাম রাশেদ এমপি অংশ নেন। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট বিভাগের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।