ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন চালু ও ভিকারুননিসায় দ্রুত ভোটের দাবিতে মানববন্ধন

Link Copied!

শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন অভিভাবক ও শিক্ষার মানোন্নয়নে আগ্রহী নাগরিকেরা।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নতুন প্রবিধানমালা প্রণয়নের উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে প্রবিধানমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত উদ্বেগজনক।

তাদের মতে, নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন অনির্বাচিত বা অ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হলে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি বাড়তে পারে।

বক্তারা দাবি করেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তাই শিক্ষা বোর্ডের নির্বাচন স্থগিতসংক্রান্ত বিজ্ঞপ্তির সঙ্গে আদালতের নির্দেশনার সম্পর্ক স্পষ্ট করা এবং আইনগত বাধা থাকলে তার ব্যাখ্যা প্রকাশ করা জরুরি।

মানববন্ধন থেকে দ্রুত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা-২০২৬ চূড়ান্ত করা, বিদ্যমান আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কার্যক্রম চালু এবং দীর্ঘদিন অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্বাচিত প্রতিনিধি প্রতিষ্ঠার বিকল্প নেই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অভিভাবক ফোরামের সভাপতি আল আসমাউল হুসনা, আজিমপুর শাখা অভিভাবক ফোরামের আহ্বায়ক ইফতেখার মোমিন মিঠু, সাবেক অভিভাবক আমির হোসেন এবং অভিভাক ফোরামের সদস্য গোলাম হোসেন রতন প্রমুখ।