মাদারীপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাজৈর উপজেলার নরারকান্দি সুশীল সমাজের আয়োজনে নরারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, মাদক নিয়ে সরকার ও প্রত্যেকটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। পরিবারের অবস্থা শোচনীয় ও রাষ্ট্রের অবস্থা আগামীতে অন্ধকার লক্ষ্য করা যাচ্ছে। এই সমাজে শুধু মাদক না রয়েছে মানবপাচার, কিশোর গ্যাং, ভূমিদস্যু, চাঁদাবাজি ও বাল্য বিবাহ। আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে এসব প্রতিরোধ করতে হবে। মোবাইল ফোন সন্ধার পরে ছেলে মেয়েদের কাছে দিবেন না। মোবাইলে ভালো কিছু না দেখে নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, সমাজ ও পরিবার। সমাজের প্রত্যেকে জায়গা থেকে বন্ধ করার ব্যবস্থা নিতে পারলে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর দরকার হবে না। মাদারীপুর জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী রেহান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ও স্থানীয় গন্যামন্য ব্যাক্তিবর্গ।

