ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না পারলে বলেন পারছি না, সরকারের উদ্দেশে গোলাম পরওয়ার

Link Copied!

সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘ওনারা বলেন যে কেবল ছয় মাস হলো লংমার্চের দরকারটা কী? তো দেশবাসী প্রশ্ন করে, এই যে সাত দফার ব্যাপারে আমাদের যে বক্তব্য, এই ব্যর্থতার আপনাদের দরকারটা কী?’
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘না পারলে আপনি বলেন যে আমরা পারছি না, আমাদেরকে মাফ করে দেন। তা–ও তো উনারা বলেন না। একের পর এক কমার পরিবর্তে শুধু বাড়ছে। এ জন্য এই লংমার্চ অত্যন্ত সময় উপযোগী এবং যুক্তিসংগত।’
এর আগে ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া অভিমুখে অনুষ্ঠেয় লংমার্চের প্রস্তুতি নিয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সাত দফা দাবিতে আয়োজিত কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার নিন্দা জানানো হয় এবং ১১ দলের ঐক্যের পক্ষ থেকে তাঁর অবিলম্বে মুক্তি দাবি করা হয় বলে জানান গোলাম পরওয়ার। একই সঙ্গে কুষ্টিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার ঘটনাও সভায় নিন্দা করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
লংমার্চের কর্মসূচি সম্পর্কে গোলাম পরওয়ার জানান, ৩১ অক্টোবর সকাল সাতটায় ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ হবে। এরপর পদ্মা সেতু ও মাওয়া সড়ক হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, ফকিরহাট ও খুলনা হয়ে রূপসা ব্রিজ পার হয়ে যশোর ও ঝিনাইদহের পথ ধরে কুষ্টিয়ায় যাবে লংমার্চ। কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, লংমার্চের পথে কয়েকটি স্থানে পথসভা করা হবে। এর মধ্যে পদ্মা সেতু পার হওয়ার পর সকাল আনুমানিক ৯টায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁটাখালী চার রাস্তার মোড়, খুলনা মহানগরীর শিববাড়ি মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের চাঁচড়া মোড় এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা হবে।
জামায়াতের এই নেতা বলেন, বিরোধী ঐক্যের কর্মীরা কোনো ধরনের উসকানিতে পা দেবেন না। সর্বোচ্চ ধৈর্য ধরে লংমার্চের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়া সরকারের উচিত।
১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল্লাহ আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মুসা বিন ইযহার এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হকসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।