ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি এ দাবি করেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, মার্কিন বাহিনী ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তবে তারা নিজেদের ইচ্ছায় সরে যায়নি বলেও দাবি করেন তিনি। ফাদাভির ভাষ্য, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আইআরজিসির স্থলবাহিনীর সামরিক সক্ষমতার কারণেই মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি আরও দাবি করেন, এই প্রথম পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন জাহাজ নেই। মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার শিকার হওয়ার ‘১০০ শতাংশ ঝুঁকিতে’ রয়েছে বলেও মন্তব্য করেন ফাদাভি। ফাদাভির এই দাবি এমন সময়ে সামনে এলো, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে’ জুলাই থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। তবে ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে সরে যাওয়ার বিষয়ে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা

